ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান ও ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি- বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান ও ভারত সফরের সময়সূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, কবে সফর হবে- তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এটি দুই দেশের জন্যই একটি সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রী বর্তমানে তার নানা কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন।
দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই একটি মানানসই সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে। এছাড়া ব্রিকস সম্মেলনে যোগদান বা ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সফরের বিষয়টিও সময় ও সুযোগ অনুযায়ী আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে বলে তিনি ইঙ্গিত দেন।