Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি খাতে সংকট ও অপরিকল্পিত সিদ্ধান্তে দেশকে সংকটে ফেলেছে: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২০:০৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

ঢাকা: বর্তমান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও জ্বালানি ক্রয়ের নীতিমালাজনিত সংকটের কারণে দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, বিগত দিনের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও বর্তমান সরকারের কার্যক্রমে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে এবং রাষ্ট্রে গুটিকয় ব্যবসায়িক গোষ্ঠীর বা অলিগার্কদের প্রভাব বাড়ছে। ইশতেহারের প্রতিশ্রুতি লঙ্ঘন করে জ্বালানি আমদানি ও বিদ্যুৎ বিতরণে বেসরকারিকরণের নামে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার হীন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বাজারজাতের নীতিমালা তৈরিতে বিপিসিকে মাত্র চার দিন সময় বেঁধে দেওয়া এবং আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে দশ দিনে নামিয়ে আনার ফলে বড় বড় সরবরাহকারীরা অংশ নিতে পারছে না, যার ফলে বাজারে সিন্ডিকেটের সুযোগ তৈরি হচ্ছে। সময়মতো ক্রয় শিডিউল অনুমোদন না করা এবং পছন্দের সরবরাহকারীকে প্রাধান্য দিতে গিয়েই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে তিনি জানান। রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকার পরও সঠিক সময়ে জ্বালানি ক্রয়ের পরিকল্পনা না থাকায় দেশের বিদ্যুৎ উৎপাদন খাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, তড়িঘড়ি করে বেসরকারিকরণের প্রক্রিয়া স্থগিত করে উন্মুক্ত অংশীজন আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা অবিলম্বে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং বিপিসির ক্রয় শিডিউল দ্রুত অনুমোদন করে তা প্রকাশ্যে ঘোষণা করতে হবে।

একই সঙ্গে মহেশখালীর এফএসআরইউ দুর্ঘটনার কারিগরি তদন্ত প্রতিবেদন প্রকাশ, গ্যাস বরাদ্দে ডেটাভিত্তিক অগ্রাধিকার সূচক চালু এবং ক্যাপাসিটি চার্জের পূর্ণাঙ্গ নিরীক্ষা করে দায়মুক্তি আইন বাতিলের জোরালো দাবি জানান নাহীদ ইসলাম।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর