বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে রিফাত (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরো ৫জন আহত হয়েছে। নিহত রিফাত মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে ইয়াসির আরাফাত নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে যানবাহনের চলাচল বন্ধ করে দেয় বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢাল অতিক্রম করার সময় রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, মাহিন্দ্রাটি পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশালের দিকে আসছিল। দপদপিয়া সেতুর টোলঘর সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়।
কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।