টাঙ্গাইল: জেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমানকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।
পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষ্য শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া জরিমানা করা হয় ১ লাখ টাকা।
টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।