গাইবান্ধা: বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৭ জনের মধ্যে ছয় জনের বাড়ি গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায়। তারা ধান রোপণের কাজ করতে নওগাঁ ও বগুড়ায় যাচ্ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও শ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।
তিনি জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। গুরুতর আহত অন্তত ১৮ জনকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।