নানা জল্পনা-কল্পনার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবিউয়ে থাকবেন এই ব্রাজিলিয়ান তারকা।
ইউরোপের সফলতম ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর। রিয়ালে ভিনির আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। গত কিছুদিনে তার ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালে চলে যাওয়ার জোরাল গুঞ্জন ছিল।
চুক্তি নবায়ন নিয়ে অনেক দিন ধরেই ক্লাবের সঙ্গে ভিনির প্রতিনিধির আলোচনা চলছিল। অন্যদিকে, আর্সেনাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং তাকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছিল বলেও সংবাদমাধ্যমে খবর আসে।
চুক্তি নবায়নের ফলে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে রিয়ালের বিনামূল্যে হারানোর শঙ্কাও দূর হলো।
২০১৮ সালে টিএনএজার হিসেবে রিয়ালে যোগ দেন ভিনি। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও, পরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি।
দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন এই ফরোয়ার্ড। ২০২৪ সালে ব্যালন ডি অরের লড়াইয়ে হন রানার্সআপ এবং ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৭৬ ম্যাচে ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন ভিনি।
লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে দলে নেওয়ার ঘোষণার দিনেই ভিনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দিল রিয়াল।
হতাশাময় দুটি মৌসুমের পর, এবার নতুন কোচ জোসে মরিনিয়োর কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে নামবে রিয়াল। চলতি গ্রীষ্মের দলবদলে ইতোমধ্যে ছয় জন নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করেছে তারা।