ঢাকা: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে ৫ আগস্ট রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে, সেসব কর্মসূচিকে কেন্দ্র করেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এ ঘটনাগুলো নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। একই সঙ্গে আমরা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে। এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
মেট্রোরেল স্টেশনে সম্প্রতি উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু প্রসঙ্গে তিনি আরও বলেন, শেষ যে ঘটনাটি ঘটেছে, সেখানে আসলে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। সেটি ছিল পান-জর্দার একটি কৌটা। কিন্তু বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে।”
তিনি রাজধানীবাসীকে আশ্বস্ত করে বলেন, ডিএমপি সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।