Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ ডিবিকে

স্টাফ করেসপন্ডেট
২৬ জুলাই ২০২৬ ২০:২০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২২:২৮

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক সাফল্য ও সামাজিক পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর কর্মকাণ্ড চালিয়েছেন। এর অংশ হিসেবে গতবছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির সাইনবোর্ড ভাঙচুর করে নিজেদের নামে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করেন।

তবে জিডির তদন্তে পুলিশের পক্ষ থেকে আজিজুর রহমান টাইগারের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর ডিপজল নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট দেন এবং বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমেও এ নিয়ে বক্তব্য দেন বলে অভিযোগ করেন বাদী।

আজিজুর রহমান টাইগারের দাবি, নাভানা সিএনজি সম্পত্তির প্রকৃত মালিক তিনি। ডিপজল মিথ্যা মালিকানা দাবি করে এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন। ফলে তার ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর