Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণঅভ্যুত্থানে শহিদ প্রতি পরিবারকে এক কোটি টাকা দেওয়ার দাবি এনসিপি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১১:১৬

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ প্রতিটি পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ জুলায়) সন্ধ্যায় ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শহিদ পরিবারগুলোর সার্বিক পুনর্বাসন ও সুরক্ষায় সরকারের প্রতি এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, প্রথমত দেশের জন্য আত্মোৎসর্গকারী প্রতিটি শহিদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা প্রদান করে তাদের দীর্ঘমেয়াদি আর্থিক সংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করে দিতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা ও প্রয়োজনীয় নথিপত্রের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব তিনি বলেন, দ্বিতীয়ত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা শহিদ পরিবার, চিকিৎসাধীন আহত যোদ্ধা এবং এই ঐতিহাসিক গণআন্দোলনের মাঠপর্যায়ের সংগঠকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, তৃতীয়ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের প্রধান প্রধান হটস্পটসমূহের আশপাশের দায়িত্বে থাকা চিকিৎসকদের কাছ থেকে সরাসরি সাক্ষ্য ও তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে বিস্তারিত নথিপত্র তৈরির কার্যকর উদ্যোগ সরকারকে নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপি’র সাংগঠনিক সম্পাদক নূর খানের সুন্দর সঞ্চালনায় আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ। এছাড়া দলটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা শেষে বৈপ্লবিক আন্দোলনে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর