ঢাকা: সম্পদ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তার নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্য ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য দুদক নোটিশ জারি করে। তবে নির্ধারিত সময় অতিক্রম করলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।