Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৯:০০ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৯:৩১

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) এলাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৯ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় কারাগারে থাকা নয়জন আসামিকে আদালতে হাজির করা হলেও কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। পরে আদালত আগামী ২৭ জুলাই নতুন দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ জুলাই আদালত এ মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাদের মধ্যে ১০ জন কারাগারে রয়েছেন, তিনজন উচ্চ আদালত থেকে জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে একদল ব্যক্তি পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালী থানার (বর্তমানে শাহবাগ থানায় কর্মরত) অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের প্রমাণ না পাওয়ায় ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর