Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় রাতভর বৃষ্টি, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৪:০৭ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৬:৩০

সাতক্ষীরা: সাতক্ষীরায় রাতভর টানা বর্ষণে তীব্র জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং কৃষকেরা।

রাতভর টানা বর্ষণে পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকা পানিতে থইথই করছে। সাতক্ষীরা সরকারি কলেজ, কলেজ মাঠ, হাসপাতাল চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস, একাধিক হাইস্কুলসহ একাধিক শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় পানি জমে গেছে। এতে সেবা নিতে আসা মানুষ ও কর্মরতদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বেশি ভোগান্তিতে রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ রোড থেকে শুরু করে মাঝখোলা এলাকার বাসিন্দারা। কারণ এই এলাকার রাস্তাঘাটে এখন হাটুঁ সমান পানি রয়েছে। ফলে ডুবে গেছে ঘরবাড়ি, রান্নাঘর, টয়লেট, স্যানেটেশন ব্যবস্থা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

সাতক্ষীরা সরকারি কলেজ রোডের বাসিন্দা সবুর গাজী বলেন, বছরের পর বছর ধরে সাতক্ষীরার মানুষ একই দুর্ভোগে পড়ে আছে। পৌর কতৃপক্ষ কোনো কাজই ঠিক মতো করেন না। সব কাজে তারা অনিয়ম করে থাকে। আমরা ২০ বছর এথানে বসবাস করছি আগে হালকা বৃষ্টিতে তলিয়ে যেত আর এখনো তাই যায়। তাহলে উন্নতিটা হলো কই।

মাঝখোলা গ্রামের গৃহবধূ শাহানারা বেগম বলেন, ১০ বছর ধরে এমন হয়, কিন্তু কোনো সমাধান নেই। রান্না ঘরে পানি ঢুকে হাঁড়ি-পাতিল নষ্ট, বন্ধ হয়ে যায় খাওযা দাওয়া। সাপ-মাকড় ঢুকে ঘুমাতে পারছি না। সন্তানদের নিয়ে নিরাপদ জায়গায় থাকতে হচ্ছে।

সরকারি কলেজের শিক্ষার্থী সবুজ জানান, পানির কারণে কলেজে যেতে পারি না। কাঁটু পানি পার হয়ে যেতে আমাদের পোশাক নষ্ট হয়ে যায়। ফলে এই সময়টা খুব দূভোগে থাকতে হয়। টিউবওয়েল ডুবে গেছে, পানি কিনে ব্যবহার করতে হচ্ছে।

এদিকে, বৃষ্টির কারণে কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকের মতো খেটে খাওয়া মানুষ। ভ্যানচালক ভোলা জানান, বৃষ্টির জন্য ভ্যান নিয়ে বের হতে পারছি না, ভাড়াও নেই। প্রতিদিনের চাল-ডাল কেনা বন্ধ। এনজিওর কিস্তি কীভাবে দেবো, সেই চিন্তায় আছি।

একইভাবে দিনমজুর আখতারুল ইসলাম বলেন, দুইদিন ধরে ঘরে বসে আছি। কোনো কাজ নেই। পরিবার নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কাল রাতভর বৃষ্টি হয়েছে ১৪৬ মি.মি। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন তারা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বলেন, নতুন সরকারের নেতৃত্যে জেলার বিভিন্ন খাল নদী কাটা হচ্ছে। ফলে আমি মনে করি এবার হয়তো শহরের জলোবদ্ধতা দূর হবে। পাশাপাশি শহরের স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং প্রাণসায়ের খালে পানি নিয়ে যাওয়ার জন্য সকল ড্রেন গুলো সচল করে প্রাণসায়ের খালে সাথে যুক্ত করা হবে। তখন আশা করি পরিস্থিতির উন্নতি হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর