Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টিতে ঢাকার অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে কর্মজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৩:৪৩

বৃষ্টিতে জমেছে কোমর সমান পানি।

ঢাকা: মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে থেমে থেমে। শনিবার ( ১১জুলাই) রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে এবং রোববার (১২ জুলাই) ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। টানা এ বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কের পাশাপাশি বিশেষ করে অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অলিগলিতে জমা পানি সহজে না সরায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী এবং তীব্র ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে চাকরিজীবীদের। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ইসিবি চত্বর এলাকার মাটিকাটা, মানিকদী, নামাপাড়া, শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকা ঘুরে বিভিন্ন স্থানে হাঁটুপানি জমতে দেখা যায়। অনেক বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। এতে বাসা থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

রাজধানীর ইসিবি চত্বরের মাটিকাটা এলাকার গলিতে বৃষ্টিতে কোমর পানি জমেছে। সকালে অফিসের উদ্দেশে বের হওয়া ব্যাংকার একরামুল হক বলেন, ইসিবি চত্বরে গেলেই বাস পাওয়া যায়। ৫ মিনিটের রাস্তা। গলি পার হয়ে মূল রাস্তায় যেতে পারলে হতো। কিন্তু গলিতে যে পানি জমেছে, তাতে এখান থেকে যাওয়াটাই কষ্ট। ব্যাংকে চাকরি করায় যেভাবে পোশাক পরে যেতে হয়, তাতে কাপড় নষ্ট হলেই বিপদ।

খোঁজ নিয়ে জানা যায় বাড্ডা এলাকার আদর্শনগর, মধ্যবাড্ডা পোস্ট অফিস, এএমজেড হাসপাতালের পাশের রাস্তাসহ বিভিন্ন অলিগলিতে পানি জমতে দেখা গেছে। শাহজাদপুর বাঁশতলা এলাকার গলিতে পানির পরিমাণ আরও বেশি। এছাড়া রামপুরা, বনশ্রী ও উলন রোডেও ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে। এদিকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কাকভেজা হয়ে অফিসে যেতে হচ্ছে চাকরিজীবীদের। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে এবং গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে।