বান্দরবান: রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের গ্র্যান্ডভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান লিখিত বক্তব্যে এ দাবি জানান।
তিনি বলেন, সরকারের প্রস্তাবিত আয়কর অব্যাহতি শুধুমাত্র উপজাতীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য রাখায় পার্বত্য অঞ্চলের বাঙালিদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। একই এলাকায় বসবাস করেও বাঙালিরা শিক্ষা, চাকরি, ব্যবসা ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বলে দাবি করেন তিনি। তাই তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদেরও আয়কর মওকুফের আওতায় আনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে বাজারফান্ড এলাকার জমির বিপরীতে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় তিন পার্বত্য জেলার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ঋণ ও পুরোনো ঋণ নবায়ন বন্ধ থাকায় ব্যবসায়ীরা সংকটে পড়েছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দ্রুত এ জটিলতা নিরসন করে আগের নিয়মে ব্যাংক ঋণ চালুর দাবি জানানো হয়।
নাগরিক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বৈষম্য দূর করে পার্বত্য অঞ্চলে সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ নাছিরুল আলম, আবুল কালাম, মো. শাহজালাল, ঠিকাদার মোজাফ্ফর ও নুরুল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।