ঢাকা: রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ দখল অপসারণ করে জমিটির দখল পুনরুদ্ধার করা হয়। জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠান এসএ পরিবহন দীর্ঘদিন এই জমিটি অবৈধভাবে দখলে রেখেছিল।
রাজউক সূত্রে জানা যায়, জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এসএ পরিবহন অবৈধভাবে জমিটি দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকলেও পরবর্তীতে আদালত রাজউকের অনুকূলে রায় প্রদান করলে সেই রায়ের ভিত্তিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান শেষে বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)-এর প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম জানান, দখলমুক্ত জমিতে ‘মতিঝিল পার্ক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতি শিগগিরই এর কাজ শুরু হবে। তিনি বলেন, মতিঝিলের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি উন্মুক্ত সবুজ পার্ক নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজউক জানিয়েছে, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।