এই বিশ্বকাপের শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলে ভর করেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা দিল ব্রাজিল। এ নিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল পেলেন রিয়াল তারকা। ইতিহাস বলছে, গ্রুপ পর্বে ব্রাজিলের কেউ তিন ম্যাচে গোল পেলে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা!
ব্রাজিলের জেতা চারটি বিশ্বকাপে তাকিয়ে দেখুন। ১৯৭০ বিশ্বকাপে জেয়ারজিনহো, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও, ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে গোল করেন। ফল? এ চারবারই শিরোপা জিতেছে ব্রাজিল।
এবার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়ুস। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড, তিন ম্যাচে ভিনি পেয়েছেন গোল।
আগের সেই ৪ আসরের মতো এবারও কি তাহলে ব্রাজিলের হাতেই কাপ উঠছে?