নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে গুমের চেষ্টার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত মানুষ চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে নরসিংদী জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেন। পিবিআই এর ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে তারা।