Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজিমপুরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৭:৩৯ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২০:৩২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর আজিমপুরের একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

রোববার (৫ জুলাই) বেলা দেড়টার দিকে আজিমপুর শাহ সাহেববাড়ি এলাকার ৭ তলা একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ওই ব্যক্তির মেয়ের দেবর আরিফুল ইসলাম সিফাত জানান, আব্দুর রাজ্জাকের বাসা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে। তিনি আগে ব্যবসা করতেন। তবে এখন কিছুই করতেন না। গত একবছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল তার। রোববার সকালেই মোহাম্মদপুর থেকে আজিমপুরে মেয়ের বাসায় আসেন তিনি। এর পর দুপুরে ছাদের দরজার চাবি নিয়ে একা একাই সেখানে ওঠেন। কিছুক্ষণ পর সেখান থেকেই তিনি লাফিয়ে নিচে পড়েন। দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুই দিন আগে রাজ্জাক সাহেব তার বাসার সদস্যদের বলছিলেন, ছাদ থেকে লাফ দিতে কেমন লাগে? তার এই কথা শোনার পর সবাই তাকে নিয়ে ভয় ও আতঙ্কে ছিলেন। তাকে সবসময় চোখে চোখে রাখা হতো। তার বাসাটি দুই তলা। হয়ত সে কারণেই আজ মেয়ের বাসায় এসেছিলেন। কারণ, মেয়ের বাসাটি সাত তলা। সেখান থেকেই তিনি লাফ দিয়েছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর