ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। মামলায় আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ আদালতের কাছে ২২ আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানান। পরে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন উপস্থাপনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল ২৪ জুন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলায় বর্তমানে পাঁচজন আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তবে তার পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন এবং আইন অনুযায়ী অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলেও বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফজলে করিমের অসুস্থতার কারণে তা পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি হলেন- ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আরও ১৭ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ফারুক, তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার দায় আনা হয়েছে। পাশাপাশি জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।