ঢাকা: জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের করা হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৫ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম এন এম জিয়াউলকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ জুলাই তারিখ ধার্য করেছিলেন। তবে নির্ধারিত দিনে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি মুলতবি করে আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়। এদিন কারাগার থেকে এন এম জিয়াউলকে আদালতে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন (৩৪)। বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাজধানীর কাফরুল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তার গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে এন এম জিয়াউলের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও আলোচিত হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। পাশাপাশি তদন্তের প্রয়োজনে পরবর্তীতে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।