Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৫:২৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

কুষ্টিয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। পরে তিনি জানান, হাসপাতালে কিছু ত্রুটি-বিচ্যুতি চোখে পড়েছে। কয়েকজন চিকিৎসক সময়মতো কর্মস্থলে উপস্থিত হননি এবং হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও শোচনীয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব নিয়োগ বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে কলেজটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মন্নান, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর