Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার মামলায় কারাগারে তৌহিদ আফ্রিদি, দোয়া চাইলেন ছেলের জন্য

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৪৭

কারাগারে নেওয়া হচ্ছে তৌহিদ আফ্রিদিকে।

ঢাকা: রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, ‘আমার ছেলের জন্য দোয়া রাইখেন।’

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার আরেক সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদন মঞ্জুর করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগী তার টাকা ফেরত পাননি।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায়ও তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর