ঢাকা: অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাদের খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানায়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। পরে রাকিব হাসান দাবি করেন, তাদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকাকালীন তামিমা নাসিরকে বিয়ে করেছেন।
এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান ঢাকার আদালতে মামলা দায়ের করেন। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করা, ব্যভিচার এবং মানহানির অভিযোগ আনা হয়।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে উভয় পক্ষের করা রিভিশন আবেদন খারিজ করে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মহানগর দায়রা আদালত।
মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চূড়ান্ত রায় দেন। অভিযোগ প্রমাণে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা না যাওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়া হয়েছে।