Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৭:০৫ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:৪৭

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশি দর্শকদের জন্য টিভির পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও স্টার নিউজ বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। স্বত্ত্ব কেনার যে প্রক্রিয়াগত দিক আছে তা এখনো চলমান রয়েছে। তবে খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে।

বুধবার (৩ জুন) বিকেলে স্টার নিউজের সিইও মোকসেদুল কামাল বাবু সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা ছিল তা এরইমধ্যে কেটে গেছে। স্বত্ত্ব কেনার চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি আমরা জানাবো। তবে এটুকু বলতে পারি যে, খেলা দেখানো হবে। স্টার নিউজের সাথে আরও দুটি চ্যানেল রয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে টি স্পোর্টসের হেড অব প্রোগ্রামার এরফানুল হক সারাবাংলাকে বলেন, ‘এখনো আনুষ্ঠানিকভাবে বলার সময় হয়নি। চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা সবাইকে জানাবো।’

অন্যদিকে বিটিভি সূত্রে জানা গেছে, গতকাল থেকে অনেকেই দৌড়াচ্ছে। একাধিক মিটিং হয়েছে এবং হচ্ছে। বিটিভিসহ তিনটি চ্যানেল (টি স্পের্টস ও স্টার নিউজ) খেলা দেখাবে এটা নিশ্চিত। তবে এখনো চুক্তি সম্পন্ন হয়নি। আশা করছি আজ বা আগামীকালের মধ্যে সবকিছু সম্পন্ন হবে।

বিশ্বকাপ ফুটবল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চার বছর অধীর আগ্রহে থাকে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন। বাকিদের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া। চুক্তি সম্পন্ন হয়ে গেলে বাংলাদেশি ফুটবল প্রেমি দর্শকরা ঘরে বসেই চ্যানেল তিনটিতে খেলা উপভোগ করতে পারবেন।

এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

বুধবার (৩ জুন ) নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে বলা হয়েছে, বাংলালিংকের সকল ইউজার ফ্রি-তে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি-তে। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।

এ ছাড়া আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

সারাবাংলা/ইউজে/এনজে