Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০২

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ৫ বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। আগামী ৬ মাসের মধ্যে এসব শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে।

বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় আমরা ৫টি ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ করছি। এই ৫টি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার এরই মধ্যে করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি।

জনবলের ঘাটতি উল্লেখ করে তিনি বলেন, এসব হাসপাতালের প্রতিটিতে এক হাজার ৪৭৫ জন করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী জনপ্রশাসনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। আগামীকাল সেটি নিয়ে বৈঠক হবে। ইনশাআল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন করব।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিশু হাসপাতালে আইসিইউ থাকবে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন্ড ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে বেড বাড়ানোর জন্য পরিসরও রাখা হবে। আইসিইউর জন্য একটি বড় প্রাঙ্গণ রাখা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ ৫টি হাসপাতাল উদ্বোধন করব।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি। আমরা সেই দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা খাত তথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেবক ও ডাক্তারদের আবাসন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছি। একটি বা দুটি ভবন যেটি প্রয়োজন হবে—তা নির্মাণ করা হবে। এ জন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্প তৈরি করেছে। কয়েক দিনের মধ্যে টেন্ডার হবে এবং কার্যক্রম শুরু হবে। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী এটি ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে, মূলত চীনের অর্থায়নে, আমরা ৫টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছি। প্রতিটি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। আধুনিক নকশায়, অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিক নির্মাণশৈলীতে এই ৫টি হাসপাতাল নির্মাণ করা হবে। এগুলো হবে শুধু মহিলাদের জন্য বিশেষায়িত হাসপাতাল। আমাদের মায়েদের জন্য এই ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজও এই অর্থবছরের মধ্যেই শুরু করব ইনশাআল্লাহ। আগামী ১৫ আগস্ট তিন মাসে নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবলসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর