ঢাকা: দেশের বিদ্যমান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতি মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারপন্থি হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৮মে) সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে আমরা নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট অন্যতম। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে ।
তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রমগুলো একপাশে সরিয়ে সরকার চলমান সংকটগুলো দূর করতে পারবে না। বিরোধী দলের আস্থা কিংবা সহযোগিতা না থাকলে এই সংকট মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হবে। তাই বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থি হওয়ার আহ্বান জানান।
আসন্ন বাজেটে মানুষের জীবনযাত্রা সহনীয় করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দিকে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের এই কঠিন সময়ে স্থিতিশীলতা ফেরাতে এবং জনদুর্ভোগ কমাতে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।