ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) একদিনের সরকারি সফরে ময়মনসিংহে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের জন্মজয়ন্তী আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় তিনি ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টায় তিনি ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি নেবেন।
দুপুর ও বিকালের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এই নজরুল জয়ন্তীর আয়োজন ঘিরে নজরুল একাডেমি মাঠে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের শেষভাগে বিকাল ৫টায় তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহের উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন। সকল কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নিরাপত্তা জোরদারসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।