Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অপারেশনের পর গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ০৮:৫২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অ্যাপেনডিক্স অপারেশনের পর এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মৃতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার দিকে শহরের মুজিব সড়কের খলিফাপট্টি এলাকায় অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত সাবিনা খাতুন (২৪) শহরের জানপুর বটতলা এলাকার বাসিন্দা ও আসিফ আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন সাবিনা। ১৩ মে তাকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার অ্যাপেনডিক্স অপারেশনের সিদ্ধান্ত নেন। পরদিন বিকেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

স্বজনদের দাবি, অপারেশনের কিছু সময় পর থেকেই সাবিনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি তীব্র ব্যথা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার কথা বলে বগুড়ার একটি হাসপাতালে পাঠায়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পর চিকিৎসকেরা রোগীর শারীরিক জটিলতা সম্পর্কে নতুন করে বিভিন্ন তথ্য দেন। এতে তাদের সন্দেহ হয় যে অপারেশনের সময় কোনো ধরনের ত্রুটি বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মে) দুপুরে সাবিনা মারা যান।

মরদেহ নিয়ে বিকেলে সিরাজগঞ্জে ফেরার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হাসপাতালের কয়েকটি কক্ষের জানালার কাঁচ, আসবাবপত্র ও সাইনবোর্ড ভাঙচুর করেন।

মৃতের এক স্বজন অভিযোগ করে বলেন, অপারেশনের পর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিয়ে আমাদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠিয়েছে। ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই সাবিনার মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই। রোগীর শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একাধিকবার রক্ত দিতে হয়েছে। কিন্তু শুরুতেই প্রকৃত অবস্থা জানালে হয়তো উন্নত চিকিৎসা দ্রুত নিশ্চিত করা সম্ভব হতো।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সের পরিচালক মো. কামাল হোসেন বলেন, অপারেশনের পর রোগীর হঠাৎ জটিলতা দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। আজ তার মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি নিয়ে আমাদেরও খারাপ লাগছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর