Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপের কামড়ের পর হাসপাতালে মৃত সাপ নিয়ে হাজির রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ২০:২৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাপে কাটা রোগী

পঞ্চগড়: জেলায় একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে আসার সময় সঙ্গে নিয়ে আসেন তাকে কামড় দেওয়া সাপটিও। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক এন্টিভেনম দেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে।

এছাড়া একই দিন পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাপে কাটা রোগীরা হলেন— আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।

বিজ্ঞাপন

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রাথমিকভাবে এটি দেখে কোবরা বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে নিশ্চিত হয়ে তাকে তাৎক্ষণিক এন্টিভেনম দেন।

একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, ‘বাসার খড়ির ঘরে কাজ করছিলাম। এ সময় একটি সাপ এসে আমার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে ডাক্তাররা ইনজেকশন দিয়েছেন। এখন সে সুস্থ আছে।’

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, ‘শনিবার সাপে কাটা ২ জন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল। তাই তাকে এন্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর