ঢাকা: ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুন।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
এ সময় প্রসিকিউশন টিমের সদস্যসহ আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ১৯ এপ্রিল।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে সাত আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।