ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পলাতক সাত নেতার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ২৭ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ট্রাইব্যুনাল আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করেন।
মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই-আগস্টের আন্দোলন দমনে পরিকল্পনা, নির্দেশনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওবায়দুল কাদের। একই সঙ্গে শীর্ষ নেতারা সরাসরি সম্পৃক্ত থেকে সহিংসতা ও দমন-পীড়নে ভূমিকা রাখেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং বিভিন্ন স্থানে হামলা, হত্যা, নির্যাতন ও অঙ্গহানির ঘটনা ঘটে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র আওতায় অভিযোগ আনা হয়েছে। তাদের বক্তব্য, আন্দোলন দমনে সমন্বিতভাবে উসকানিমূলক বক্তব্য, সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারযোগ্য।