Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১০:৩৬

ছবি: সারাবাংলা

ঢাকা: ভোর থেকে অঝোরে বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ুমান এখন মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

রোববার (১৭ মে) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) বৈশ্বিক তালিকায় সকাল ১০টার র্যাংকিং অনুযায়ী এমন চিত্র দেখা গেছে।

আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, সকাল ১০টায় ৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২ নম্বরে অবস্থান করছে ঢাকা, যা পরিবেশের পরিভাষায় মাঝারি বা সহনীয় মানের বাতাস হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল ৮টা ৫৭ মিনিটে ঢাকার দূষণ স্কোর ছিল ৭৮। আবহাওয়া ও পরিবেশবিদদের মতে, মূলত ভোররাত থেকে শুরু হওয়া টানা ও মুষলধারে বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ক্ষতিকর উপাদানের মাত্রা কমে আসায় বায়ুর মানে এই নাটকীয় ও ইতিবাচক পরিবর্তন এসেছে। বিগত শুক্রবার (১৫ মে) ও শনিবার (১৬ মে) দিনগুলোতেও ঢাকার বাতাসের মান অনেকটাই ভালো ও সন্তোষজনক ছিল।

বিজ্ঞাপন

এদিকে আজ সকাল ১০টার আইকিউএয়ার র্যাংকিংয়ের বৈশ্বিক তালিকায় ২০৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে মিশরের কায়রো। এখানকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। এছাড়া পাকিস্তানের লাহোর ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ, উগান্ডার কাম্পালা ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম, ফিলিপাইনের ম্যানিলা ১৪২ স্কোর নিয়ে ষষ্ঠ এবং চীনের চেংদু ১৩৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, বায়ুর মান নির্ধারণের সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তাছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে গণ্য করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর