Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি, স্বস্তি চাল ও মুরগিতে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১২:৫৬ | আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:০২

কোলাজ ছবি: সারবাংলা

ঢাকা: রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, তবে নতুন চাল বাজারে আসায় এবং মুরগির দাম কিছুটা কমায় মিলেছে আংশিক স্বস্তি।

শুক্রবার (১৫ মে) রাজধানীর মিরপুরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সপ্তাহজুড়ে সবজি ও ডিমের বাজার চড়া থাকলেও চাল ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

পরিবহন খরচ বৃদ্ধি, বৃষ্টি এবং মৌসুম শেষ হওয়ার অজুহাতে বেশিরভাগ সবজি এখন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি বেগুন ও শসা ৮০ থেকে ১২০ টাকা, করোলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। একমাত্র ঢেঁড়স কিছুটা কমে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ডজন প্রতি লাল ডিমের দাম ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ টাকায়।

বিজ্ঞাপন

মিরপুর কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী কামরুল হাসান বলেন, বাজারে এসে হিসাব মেলাতে পারছি না, সবজির দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের মতো সীমিত আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

মিরপুরের সবজি বিক্রেতা মোকাররম হোসেন জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ কম এবং আড়ত থেকে পণ্য আনতে বাড়তি পরিবহন খরচ লাগছে, যার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে এবং আমাদের বিক্রিও আগের চেয়ে অনেক কমে গেছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা চাহিদার তুলনায় অর্ধেক বা ২৫০ গ্রাম করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন এবং বাজার মনিটরিংয়ের তীব্র দাবি জানান তিনি।

অন্যদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে; কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার ১৭০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুরের মুরগি বিক্রেতা রফিক মিয়া বলেন, পাইকারি আড়তে সরবরাহ বাড়ায় আমরা কম দামে মুরগি বিক্রি করতে পারছি, ফলে ক্রেতারাও কিছুটা স্বস্তি পাচ্ছেন।

মুরগি কিনতে আসা গৃহিণী সালমা বেগম বলেন, সবজি আর ডিমের বাজারে আগুন লাগলেও মুরগির দাম কিছুটা কমায় আজ অন্তত বাচ্চাদের পাতে একটু মাংস তুলে দেওয়া যাবে। পাশাপাশি বাজারে নতুন চাল আসায় ব্রি-২৮ চালের দাম কেজিতে ৫ টাকা কমে ৫৫ টাকা এবং পাইজাম চাল ৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

চাল বিক্রেতা আলতাফ হোসেন জানান, বাজারে নতুন মৌসুমের চালের সরবরাহ পুরোদমে শুরু হওয়ায় দাম কমতির দিকে রয়েছে।

চালের এই দাম কমে আসাকে সাধুবাদ জানিয়ে ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, সবজির বাজারে পকেট ফাঁকা হলেও চালের দাম কমায় মধ্যবিত্তের সংসারে অন্তত বড় একটা চাপ কমেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর