সিলেট: প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত সিলেট সফরে আসছেন তারেক রহমান। একদিনের সিলেট সফরকে ঘিরে পুরো নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে সিলেটে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আগামীকাল শনিবার (২ মে) নির্ধারিত এই সফরকে সামনে রেখে প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চলছে বহুমাত্রিক প্রস্তুতি। এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা এবং প্রচার মিছিল করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনও আলাদা আলাদা মিছিল করেছে। সব মিলিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেট নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। রাস্তা মেরামত, সড়কের পাশে গাছপালা ছাঁটাই, সরকারি ভবনের সৌন্দর্যবর্ধন সবকিছুতেই দেখা যাচ্ছে তৎপরতা। সিলেট সিটি কর্পোরেশন অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করে নগরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে সিলেট সার্কিট হাউস এলাকায় চলছে জোর প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন কার্যক্রমসহ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক দফতরের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন।
সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সকাল ১১টায় সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের বিভন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকবাজার এলাকায় বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন।
সবশেষে তিনি বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে দলীয় সভায় অংশ নেবেন। এরপর সন্ধ্যা ৭টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের সময়সূচি অনুযায়ী প্রতিটি স্থান আগেভাগেই প্রস্তুত রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শুধু প্রশাসনিক নয়, জনমানুষের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নগরের বিভিন্ন স্থানে স্বাগত ব্যানার, আলোকসজ্জা এবং দলীয় কর্মসূচির কারণে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অতীতেও সিলেটে তার সফর ঘিরে এমন জনসমাগম ও উচ্ছ্বাস দেখা গেছে।
জিন্দাবাজার এলাকার বাসিন্দা নাসিম চৌধুরী বলেন, সিলেটে প্রধানমন্ত্রী আসছেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। শহরজুড়ে যে প্রস্তুতি ও সাজসজ্জা চলছে, তাতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করছি, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়নে নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। সফরকালে তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে বৈঠক করবেন। সেখানে দলকে সাংগঠনিকভাবে পরিচালনার বার্তা দিবেন তিনি। এছাড়া বরাবরই তারেক রহমানকে সিলেটবাসী আনন্দের সাথে বরণ করেছেন এবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন আমি আশা করি মানুষ উনাকে দেখার জন্য অধির আগ্রহে বসে আছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।