Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী


২২ এপ্রিল ২০২৬ ১৬:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে সব টিকার পর্যাপ্ত মজুত আছে। যক্ষ্মা, বিসিজিসহ ৯টি টিকার সবগুলো আমাদের হাতে আছে। পরবর্তী ছয় মাস পর্যন্ত অর্থাৎ আগামী ৬ মাস আমরা ভ্যাকসিন দিয়ে যেতে পারবো।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মধ্যে ‘চীনা বাংলাদেশ জয়েন্ট সার্জিকেল ক্লিনিক” চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো ২০২০ সালের পর থেকে ভ্যাকসিন দেয় নাই। সে জন্য হাম পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। হাম প্রতিরোধক ভ্যাকসিনের স্টক ছিল না। আমরা খুব তড়িৎ গতিতে ওই সপ্তাহে শুরু করতে পারি নাই, কিন্তু পরের সপ্তাহ থেকে আমরা গ্যাভি ও ইউনিসেফ-এর সাহায্যে ভ্যাকসিন সংগ্রহ করে ইতোমধ্যে আমরা সারাদেশে টিকাদান শুরু করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, জলাতঙ্কের টিকার সংকট হয়েছিল। স্থানীয়ভাবে সংগ্রহ করে আমরা সমাধান করেছি। একটা ক্লজ ছিল, বাইরে থেকে এই ভ্যাকসিনটা পরীক্ষা করিয়ে আনতে হতো। যে কারণে সরবরাহ নিতে অনেক দেরি হয়েছিল। আমরা ওই ক্লজটা প্রত্যাহার করেছি। অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিনের সবচেয়ে বড় উৎপাদক ইনসেপ্টা এবং পপুলার থেকে আমরা স্থানীয়ভাবে টিকা সংগ্রহ শুরু করেছি। আগামী দেড় মাসের ভেতরে আমাদের বাফার স্টক আসছে। গ্রাম এলাকায় টিকার সংকট নেই।

সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে ছয় ট্রাক চিকিৎসা সরঞ্জাম লুটের প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা সরঞ্জাম না… এখনও সমস্ত মালগুলো চেক করা যায়নি, তবে আপনাদেরকে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি এগুলো লোহা জাতীয় জিনিস। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের পার্ট- আমরা ভিডিওতে যা দেখেছি। ইতোমধ্যে একটা জিডি করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। সে যে-ই হোক না কেন, যারাই এর সঙ্গে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে গ্রেফতার করব। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

সারাবাংলা/এমএইচ/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর