Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ করেসপন্ডেট
১৯ এপ্রিল ২০২৬ ১০:০৪

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে চতুর্থ সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিজ্ঞাপন

মামলার দুই আসামির মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন পলক। এর জেরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়। একইসঙ্গে ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উত্তরায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর একই ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্র গ্রহণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর