ঢাকা: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া সর্বমোট তিনটি মনোনয়ন পত্রের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।
কর্নেল অলি আহমদের দু’টি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সচিব জানান, প্রথম মনোনয়নপত্রে প্রস্তাবকের স্বাক্ষরসহ কিছু প্রশাসনিক বা ঐচ্ছিক ভুল থাকায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে তার আরেকটি বিকল্প মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশনের কাজ হলো বিধি অনুযায়ী তা যাচাই-বাছাই করা। প্রথম মনোনয়নপত্রটি যদি কোনো কারণে বাতিল হয়, কেবল তখনই দ্বিতীয়টি বিবেচনায় নিয়ে বাছাই করা হবে।
এর আগে, ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন। সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী কর্মকর্তারা (স্পিকারসহ ২০ জন) ব্যালট পেপার সদস্যদের কাছে পৌঁছে দেবেন। সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করে সামনে রাখা তিনটি ব্যালট বক্সের যেকোনোটিতে ভোট প্রদান করবেন।’
তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সেখানেই গণনা করা হবে। পরে ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। আর ভোটগ্রহণের শুরুতে সরাসরি সম্প্রচার করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধভাবে জমা পড়েছে এবং প্রার্থীরা কত ভোট পেয়েছেন, তা গণনার পর নির্বাচনি কর্তা হিসেবে সিইসি ফলাফল ঘোষণা করবেন। নির্বাচনি প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থাও থাকবে বলে জানান ইসি সচিব।
গণনা ও ফলাফল ঘোষণা বিষয়ে ইসি সচিব আরও জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অধিবেশন কক্ষেই ভোট গণনা করা হবে। মোট ব্যালট সংখ্যা ৩৪৯টি। গণনা শেষে সেখানে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।