ঢাকা: সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বরিশালে বিভাগীয় সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি চলবে। এর মধ্যেও যদি সরকার গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথেই যেতে হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা এমন কর্মসূচির পক্ষে না থাকলেও সরকারের কর্মকাণ্ড দেশকে সেই দিকেই ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, মুখে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না। তিনি দাবি করেন, গণভোটে অধিকাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সরকার সেই জনরায় বাস্তবায়নে উদ্যোগী হয়নি।
তিনি আরও বলেন, জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে দেশের স্বার্থে কাজ করার জন্য, জনরায় উপেক্ষা করার জন্য নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।