Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবির ছেড়ে জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২২:০৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২২:৩২

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সাদিক কায়েম।

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্যের ফরম পূরণ করেন। তার সঙ্গে থাকা সদ্যবিদায়ী ছাত্রশিবিরের অন্য কয়েকজন নেতাও জামায়াতে যোগদানের লক্ষ্যে সহযোগী সদস্যের ফরম সংগ্রহ করেন।

একই সময়ে সহযোগী সদস্যের ফরম পূরণ করা ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাসান আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। ছাত্রশিবিরে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে সাদিক কায়েমের জামায়াতে যোগদানের পর দলটির একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার নাম চূড়ান্ত করা হয়েছে। তবে বৈঠকে অংশ নেওয়া দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার পরবর্তী বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে দলটির আরেকটি দায়িত্বশীল সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সাদিক কায়েমই জামায়াতের সম্ভাব্য প্রার্থী এবং বিষয়টি প্রায় চূড়ান্ত।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর