ঢাকা: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কয়েম বলেছেন, ঢাকা সিটি করপোরেশনে অতীতে যারা মেয়র এবং কাউন্সিলর ছিলেন তারা কেউই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা নেয়নি।
তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের নাগরিকদের স্বাস্থ্যসেবায় রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে উন্নত বিশ্বের এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
শনিবার (১৬ মে) রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে নিউ ইস্কাটন মসজিদ রোডে শিশু কিশোর খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডাকসু ভিপি বলেন, আগামীর নেতৃত্ব নির্বাচনে সৎ, যোগ্য ও প্রো-একটিভ নেতৃত্ব নির্বাচন করতে হবে। তবেই নাগরিক তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।
রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইস্কাটন সমাজকল্যাণ সোসাইটির (পঞ্চায়েত কমিটি) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সুমন।
রমনা সমাজ কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার সুমন জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি ২০১৭ সালে যাত্রা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের যেই স্তরেই সমস্যা দেখা যায় সেই সমস্যা সমাধানে রমনা সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগ নিয়ে থাকে।
তিনি জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি পরিবেশ সুরক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, শিক্ষা, চিকিৎসা, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রত্যাশিদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। সেবাগ্রহীতা ৩৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা ড. মো. হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ আল মারুফ, আহম্মদ আলী সরকার, আব্দুল করিম মুরাদ, ফারুক হোসেন প্রমূখ।