Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে রায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:০৮

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টা থেকে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক অবরোধের কারণে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে চট্টগ্রাম–৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী আপিল করেছিলেন। এদিন সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘প্রথমে বিকেল সাড়ে ৩টার দিকে এক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে সেটি তুলে নেওয়া হয়। তবে এর পর বিক্ষোভকারীরা তিনটি পৃথক স্থানে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা আদালতের রায় প্রত্যাহারেরও দাবি জানান।

এরই মধ্যে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ হয়নি। রায় হাতে পাওয়ার পর আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে রিভিউ আবেদন করা হবে। আমাদের বিশ্বাস, রিভিউয়ের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এবং আমরা ন্যায়বিচার পাব।’

বিচার বিভাগের স্বাধীনতার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, ‘এই ঘটনার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে- এটি স্পষ্ট হয়েছে। আমরা আদালতের প্রতি সম্মান রেখে আইনগত প্রক্রিয়াই অনুসরণ করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর