Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে পরিচিত হতে চাই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২১:০৭

সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন বলেছেন, পদ বা পরিচয়ের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে চাই।

রোববার (৭ জুন) জেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, বিএনপি নেতা ভিপি শামীমসহ দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর সাইফুল ইসলাম শাহীন বলেন, ‘সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি উল্লাপাড়ার আসনে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি। আমি উল্লাপাড়ার সন্তান। হয়তো সেই এলাকার প্রতি বিশেষ দায়িত্ববোধ থেকেই দল আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জেলা পরিষদের আওতায় যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে, সেগুলো সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং জেলার সামগ্রিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

নিজের রাজনৈতিক পরিচয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে শাহীন বলেন, ‘নতুন দায়িত্বে এসেছি, হয়তো অনেকেই এখনো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। তবে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা আমাকে চেনেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি পদ বা পরিচয়ের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হতে চাই। জেলা পরিষদের প্রশাসকের পদ একটি রাজনৈতিক দায়িত্ব হলেও এর মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং আমার প্রতিটি কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে রাখতে চাই।’

এ সময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপি সেই সিদ্ধান্তকে সর্বাত্মকভাবে স্বাগত জানায়। তিনি একজন দক্ষ, সুশিক্ষিত ও সাংগঠনিকভাবে অভিজ্ঞ ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করি, সাইফুল ইসলাম শাহীন তার যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপি নবনিযুক্ত প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করবে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি সফল হবেন বলে আমরা বিশ্বাস করি।’

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী সাইফুল ইসলাম শাহীন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর গ্রামের বাসিন্দা। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর