ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী ও জুরাইনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ধানমন্ডিসহ নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় নেতা এবং দলের কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত থেকে দুঃস্থ মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিচ্ছেন। প্রতিষ্ঠাতার স্মরণে বিএনপি আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।