বাগেরহাট: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় ১ হাজার ২০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য, পানি ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) মোংলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী ব্যক্তিগত অর্থায়নে ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দরিদ্র মানুষদের মাঝে খাদ্য, পানি ও বস্ত্রসামগ্রী বিতরণ করেন।
দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এ ছাড়া শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করেই আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।’
এ ছাড়া, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন তাদের এরকম দান ও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
খাদ্য ও বস্ত্র বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, তালুকদার নাসির, আব্দুস সালাম ব্যাপারীসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।