সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি মানবিক বিপ্লব ঘটিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
শনিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কাওয়াখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৫৪ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশনায়ক তারেক রহমান যা বলেন, তিনি তা বাস্তবায়ন করেন। এই ফ্যামিলি কার্ড নিয়ে একসময় বিরোধীদল নানা বিরূপ মন্তব্য করেছিল। কিন্তু আজ বাস্তবতা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ নিয়মিত আড়াই হাজার টাকা করে সহায়তা পাচ্ছে। এটি শুধু অর্থ সহায়তা নয়, মানুষের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।’
এদিন কার্ডপ্রাপ্তদের মধ্যে দেখা যায় স্বস্তি ও আনন্দের অনুভূতি। কাওয়াখোলা ইউনিয়নের সুবিধাভোগী রওশন আরা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। সংসার চালাতে খুব কষ্ট হয়। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমি অনেক খুশি। প্রতি মাসে যে টাকা পাব, তা দিয়ে চাল-ডাল কিনব। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড় সহায়তা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।