ঢাকা: আগামীকাল বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা দাম পুনর্নির্ধারণের ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার পরিবর্তনের প্রস্তাব দাখিল করে।
এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব জমা দেয়।
ওই প্রস্তাবগুলোর ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিইআরসি বিজ্ঞপ্তিতে জানায়, এসব প্রস্তাবের বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার বিকেল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।