ঢাকা: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ফসলকে একটা নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে। সনদে লেখা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে তাদের ইশতাহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাহলে জাতীয় ঐক্যের প্রয়োজন কী? বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যেমন বাহাত্তরের সংবিধানকে দলীয় ইশতেহারে পরিণত করেছিল, বিএনপিও এখন জুলাই সনদকে একইভাবে ব্যবহার করছে। জুলাই গণভোট একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও গণরায় ছিল। সেই রায় অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত। কিন্তু বিএনপি এখন সংস্কারের পথ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনের ইসতেহারের দিকে মনোযোগ দিচ্ছে।’
তিনি বলেন, ‘শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনো কোনো মামলা নেয়নি।’
নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে।’