Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ২৫ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এদেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ-তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সাথে বেইমানি।

বিজ্ঞাপন

এজন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে সারাদেশের জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের প্রতি আমরা ২৫ এপ্রিলের জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহিদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর