Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট ঘনীভূত হবে: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াই বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট। তিনি সতর্ক করে বলেন, এই রায় বাস্তবায়নে বিলম্ব হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতের দিকে যেতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের যে রায় এসেছে, তা বাস্তবায়নের জন্য তারা জাতীয় সংসদের স্পিকারের কাছে আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করারও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, স্পিকার তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এ উদ্যোগ দেশের রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে। অন্যথায় বিদ্যমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং বিভিন্ন গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা অংশ নেন।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর