Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই বিপ্লবকে ‘অপ্রয়োজনীয়’ বলা বিপ্লবীদের সঙ্গে গাদ্দারি: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২০:৫৫

র‍্যালিপূর্ব সমাবেশ।

ঢাকা: রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি। অথচ ক্ষমতায় গিয়ে দলটির মন্ত্রী-এমপিরা জুলাই বিপ্লবকে ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করে বিপ্লবীদের সঙ্গে গাদ্দারি করছেন।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে র‍্যালিপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির কাছে জুলাই অপ্রয়োজনীয় হতে পারে, কিন্তু জনগণের কাছে জুলাই ছিল প্রয়োজনীয়। ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচন পর্যন্ত গণভোট নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। অথচ ক্ষমতায় বসেই তারা বলছে গণভোট সংবিধানে নেই। রাষ্ট্রপতির জারিকৃত একই অধ্যাদেশে সংসদ নির্বাচন বৈধ, কিন্তু গণভোট অবৈধ—এ দাবি জাতির সঙ্গে প্রতারণার শামিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাবেক এমপি-মন্ত্রীদের বেতন চালু থাকলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। জুলাইয়ের স্মৃতি ও চেতনা মুছে ফেলার চেষ্টা করা হলে জনগণই তার জবাব দেবে। ইতিহাস বলে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি কখনো ভালো হয়নি।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘প্রশাসনের অনুরোধে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার সুবিধার্থে ১১ দলীয় ঐক্য পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করেছে। আমরা সব ধর্মের মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।’

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের পথ সরকারকেই স্পষ্ট করতে হবে। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।’

এ ছাড়া এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। তারা জুলাই গণহত্যার বিচার, জুলাই শহিদদের চূড়ান্ত তালিকা প্রকাশ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবি জানান।

ড. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জামায়াত নেতা মোবারক হোসেন, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মাহফুজুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির এআরএম জাফরুল্লাহ চৌধুরী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, শহীদদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি শাহবাগ থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর